অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১ জুলাই: প্রখ্যাত চিকিৎসক তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যু দিন ১লা জুলাইকে সারা দেশে ১৯৯১ সাল থেকে জাতীয় চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়ে আসছে। এই দিনটিতে দেশের প্রতিটি প্রান্তে প্রশাসনিক স্তর থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ডাক্তার বিধান চন্দ্র রায়কে স্মরণ করার পাশাপাশি বর্তমানে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসকদের সম্মান জানিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জাতীয় চিকিৎসক দিবসের দিন গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এবং গোপীবল্লভপুর রুরাল হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের সংবর্ধনা দিল গোপীবল্লভপুর থানা।
এদিন থানার এসআই পার্থ সারথি দে এবং সুব্রত সামন্ত ও অন্যান্য পুলিশ কর্মীরা হাসপাতালের চিকিৎসক, নার্স এবং চিকিৎসা কর্মীদের হাতে ফুলের তোড়া এবং মিষ্টি তুলে দিয়ে সম্মানিত করেন। করোনা অতিমারির এই কঠিন সময়ে জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষ্যে চিকিৎসকদের অবদানকে গোপীবল্লভপুর থানার এই স্বীকৃতি দেওয়ার খুশি গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও রুরাল হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা।

