জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ এপ্রিল: রবিবার নাড়াজোল রাজবাড়িতে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রামনবমী পালিত হয়েছে। রাজবাড়ি থেকে এদিন সুসজ্জিত রথে চেপে প্রভু রামচন্দ্র লঙ্কাগড় পর্যন্ত যাত্রা করেন। পরে জলহরিতে রীতি মেনে বিগ্রহ পূজার আয়োজন করা হয়। পূজার্চনা শেষ হওয়ার পর রাতেই লঙ্কাগড় থেকে নাড়াজোল রাজবাড়িতে রথ ফিরে আসে।
এবছর নাড়াজোল রাজবাড়ির রথযাত্রা ২০৪ তম বর্ষে পদার্পণ করেছে। অতীতে রামনবমীর দিনে সপরিবার রামচন্দ্রকে নিয়ে এই রথ যাত্রার সূচনা করেছিলেন রাজা মোহনলাল খাঁন। করোনা অতিমারীর কারণে প্রাচীন এই রথযাত্রা গত দু’বছর বন্ধ থাকার পর এবছর আবার সাড়ম্বরে পালিত হয়েছে। এবার রথযাত্রাকে কেন্দ্র করে দাসপুরের মানুষের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। আধুনিক প্রযুক্তির আলো, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র সহ হরিনাম সংকীর্তন এই রথযাত্রার অন্যতম আকর্ষণ।
অষ্টমী তিথিতে রামচন্দ্রের বিগ্রহ নতুন পোশাক দিয়ে সাজানো হয় এবং ‘দোহরি ভোগ’ দেওয়া হয়। নবমীতে প্রাচীন রীতি মেনেই রাত পর্যন্ত নাড়াজোল রাজবাড়ির রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

