স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ এপ্রিল: নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ, যার কারণে গর্ভবতী হয় ঐ নাবালিকা। প্রায় চার বছর পর পকসো আইনে অভিযুক্তকে দশ বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা করলো আদালত। নদিয়ার নাকাশিপাড়া থানার ঘটনা।
জানা গেছে, নাকাশিপাড়া থানা এলাকার বাসিন্দা হাসিবুল মন্ডল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৬ বছরের এক নাবালিকাকে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীকালে ওই নাবালিকার গর্ভে সন্তান আসে। এরপর নাবালিকার পরিবারের তরফ থেকে সালিশি সভা ডাকা হয়। কিন্তু কোনও নিষ্পত্তি না হওয়ায় অবশেষে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় তারা। এরপর এই অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। প্রায় চার বছর মামলা চলার পর কৃষ্ণনগর আদালতে সাজা ঘোষণা হয় অভিযুক্তের। বিচারক পকসো আইনে অভিযুক্তকে ১০ বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা কথা ঘোষণা করেন। অনাদায়ে আরো এক বছর জেল হেফাজতের কথা ঘোষণা করেন।

