আমাদের ভারত, হাওড়া, ৮ সেপ্টেম্বর: করোনা মোকাবিলায় রাজ্যের প্রথম সারির হাসপাতালের তালিকায় ইতিমধ্যে জায়গা করে নিয়েছে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতাল। হাসপাতালের চিকিৎসকদের পরিশ্রমে করোনার প্রথম ঢেউয়ের আক্রান্ত একাধিক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর তৃতীয় ঢেউয়ের আগে হাসপাতালে আরও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে বুধবার রামকৃষ্ণ মিশন সারদা পীঠ বেলুড় মঠের পক্ষ থেকে ১০টি অক্সিজেন কনসেনট্রেটর সঞ্জীবন হাসপাতালকে দেওয়া হল।
এদিন রামকৃষ্ণ মিশন সারদা পীঠ বেলুড় মঠের সম্পাদক স্বামী দিব্যানন্দজী মহারাজ সঞ্জীবন হাসপাতালের ডিরেক্টর ডাঃ শুভাশিস মিত্র এবং হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ ডালিয়া মিত্রের হাতে অক্সিজেন কনসেনট্রেটরগুলি তুলে দেন।
এদিন ডাঃ শুভাশিস মিত্র বলেন আমরা রামকৃষ্ণ মিশন সারদা পীঠ বেলুড় মঠের কাছে কৃতজ্ঞ। তিনি জানান, এই অক্সিজেন কনসেনট্রেটরগুলি চিকিৎসা পরিষেবায় সাহায্য করবে।

