রাজেন রায়, কলকাতা, ৮ সেপ্টেম্বর: আইকোর মামলায় ২০১৯ সালে তলব করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় যেতে পারেননি তিনি। এতদিন পরে ভবানীপুর উপনির্বাচনের তারিখ ঘোষণার পরেই ফের তলব করল কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যেই তৃণমূল নেতা মন্ত্রীদের ওপর চাপ বাড়াতে শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নয়াদিল্লিতে ডেকে পাঠানোর পর তিনি হাজিরা দিয়ে আসেন। বিধানসভায় সমন পাঠানো হয়েছে সুব্রত–ফিরহাদ–মদন মিত্রের নামে। এবার ফের সিবিআই তলব করল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এবার ভুয়ো অর্থলগ্নি সংস্থার মামলায় ১৩ সেপ্টেম্বর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা পার্থ চট্টোপাধ্যায়ের।
আগে ভুয়ো অর্থলগ্নি সংস্থা আইকোর মামলার তদন্তে নেমে সংস্থার কর্তা অনুকূল মাইতিকে জেরা করে নানা তথ্য পেয়েছিলেন সিবিআই আধিকারিকরা। প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করেই পার্থ চট্টোপাধ্যায়কে জেরার জন্য নোটিশ পাঠানো হয়। পরে ওড়িশার জেলেই অনুকূল মাইতির মৃত্যু হয়। তারপর দীর্ঘ দিন তদন্ত বন্ধ ছিল।
এবার ফের তদন্তে গতি আনতে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের আগে আইকোর মামলায় মানস ভুঁইঞাকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। তখন সিবিআই সূত্রে জানা গিয়েছিল, আইকোরের একটি অনুষ্ঠানের ভিডিও কিছুদিন আগে প্রকাশ্যে আসে। সেখানে দেখা গিয়েছিল মানস ভুঁইঞাকে। তিনি আইকোরের সমর্থনে একাধিক বক্তব্যও রেখেছিলেন। এবার তলব করা হল পার্থ চট্টোপাধ্যায়কে।

