ভবানীপুরে ভোট ঘোষণার পরও পুজো কমিটিকে অনুদানের জবাব চাইল কমিশন

রাজেন রায়, কলকাতা, ৮ সেপ্টেম্বর: সোমবার ছিল চলতি বছর দুর্গাপূজা নিয়ে প্রশাসনিক সমন্বয় বৈঠক। আর এই বৈঠকেই মুখ্যমন্ত্রী ঘোষণা না করলেও মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানিয়ে দেন গত বছরের মতো এ বছরেও ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে ক্লাবকে। এদিকে ইতিমধ্যেই ভবানীপুরে বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। সেই সঙ্গে কার্যকর করা হয়েছে আদর্শ আচরণবিধি। তারপরও কিভাবে অনুদান দেওয়া হল ক্লাবগুলোকে? যা নিয়ে এবার রাজ্যের স্বরাষ্ট্র সচিবের জবাব তলব করেছে নির্বাচন কমিশন‌।

সোমবারই বিজেপির পক্ষ থেকে এই সংক্রান্ত অভিযোগ জানানো হয়। তারপরই জবাব তলব করল কমিশন।
গত বিধানসভা নির্বাচনের সময়ও আদর্শ নির্বাচনী বিধি ভাঙার জন্য কমিশনের কোপে পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২৪ ঘণ্টার জন্য তাঁর প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কোচবিহারের একটি সভা থেকে মমতা কেন্দ্রীয় বাহিনীকে ‘ঘেরাও’ করার নিদান দিয়েছিলেন। যার প্রেক্ষিতেই এই নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। এ বার নতুন করে রাজ্য সরকারের এই ঘোষণায় বিতর্ক ছড়িয়েছে। বিজেপি দাবি করছে, এই ঘোষণার মাধ্যমে নির্বাচনী বিধি ভাঙছে শাসকদল।

এমনকী, পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে প্রচার করতে বলা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। যা আবারও নির্বাচনী বিধি ভঙ্গ করে বলে কমিশনের নিকট দাবি পদ্ম শিবিরের। বিজেপির নালিশের পরই দ্রুত বিষয়টি নিয়ে জবাব তলব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *