সাংসদ ও নেতা কর্মীদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে শান্তিপুরের ঘোড়ালিয়া বাইপাসে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ সেপ্টেম্বর: সাংসদ এবং নেতা কর্মীদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া বাইপাসে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির।

উল্লেখ্য, শান্তিপুর থানার বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অনাস্থা ভোটের জন্য শান্তিপুর বিডিওর কাছে একটি লিখিত আবেদন করে বিজেপি। সেইমতো প্রশাসনের উদ্যোগে আজ বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোট প্রক্রিয়া শুরু হয়। সেখানেই উপস্থিত হন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং বিজেপির নেতা কর্মীরা। হঠাৎ তৃণমূল কর্মীরা বিজেপি সাংসদকে লক্ষ করে তেড়ে আসে। কোনও রকমে পুলিশ এবং সাংসদের নিরাপত্তা কর্মীরা সাংসদকে ঘটনাস্থল থেকে নিয়ে চলে যায়। সেখানে এক বিজেপি নেতা ও কর্মীরা আক্রান্ত হন।

বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে পুলিশের সামনেই বাঁশ দিয়ে বেধড়ক মারধর করতে থাকে তাদের। মূলত এই ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। তাদের দাবি, প্রশাসন রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে চলছে। অবিলম্বে যারা বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে এবং সাংসদকে হেনস্তা করেছে তাদের আইনত ব্যবস্থা নিতে হবে। না হলে আগামী দিনে আরও বড়সড় আন্দোলন আমার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *