অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ সেপ্টেম্বর: সামনে দুর্গোৎসব আর উৎসবের দিনগুলোতে অবৈধ চোলাই মদের রমরমা রুখতে বড়সড় পদক্ষেপ নিল আবগারি দফতর। এদিন পশ্চিম মেদিনীপুর জেলা আবগারি দফতরের খড়্গপুর বিভাগ, গোপীবল্লভপুরের এসডিপিও এবং নয়াগ্ৰাম থানার পুলিশের নেতৃত্বে নয়াগ্ৰামের একাধিক জায়গায় চলল চোলাই মদের বিরুদ্ধে অভিযান।

এদিন আবগারি দফতর এবং পুলিশের যৌথ অভিযান চলে নয়াগ্ৰামের ছোটো ঝরিয়া, যাদবপুর, কুড়চিবনী, নিমাইনগর, কলমাপুকুরিয়া এলাকায়। অভিযানে আবগারি দফতর প্রচুর পরিমাণে চোলাই মদ এবং মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হওয়া চোলাই সামগ্রীগুলি হল ২৪০ লিটার মদ। গুড় ৩০০ কেজি, প্রচুর মহুল জাতীয় জিনিসপত্র। আবগারি দপ্তর ও পুলিশের এই উদ্যোগকে খুশি এলাকার সাধারণ মানুষ জন।


