আমাদের ভারত, হুগলি, ২৩ ফেব্রুয়ারি: পরপর তিনবার মেয়র হয়ে হ্যাট্রিক করলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী।বুধবার সকালে চন্দননগর রবীন্দ্রভবনে শপথ গ্রহণ
অনুষ্ঠান সম্পন্ন হয়।এদিনের এই শপথ বাক্য পাঠ করান হুগলির জেলা শাসক দিতিপ্রিয়া পি। পাশাপাশি এদিনই চন্দননগরের ৩২ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন। এদের মধ্যে একজন ছিলেন সিপিএমের কাউন্সিলর। এদিন জেলা শাসক ছাড়াও ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগরের এসডিও অয়ন কুমার গুপ্ত ও পুর কমিশনার স্বপন কুন্ডু।

এদিন সকালে চন্দননগর রবীন্দ্রভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করে দুপুর সাড়ে বারোটায় চন্দননগর পুরনিগমে প্রবেশ করেন রাম চক্রবর্তী। সঙ্গে ছিলেন একাধিক কাউন্সিলরা। কিছুক্ষণ পরই মন্ত্রী ইন্দ্রনীল সেন পুরনিগমে প্রবেশ করেন। সেখানে কাউন্সিলরদের সঙ্গে কিছুটা সময় কাটান তিনি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র রাম চক্রবর্তী বলেন, চন্দননগরের সার্বিক উন্নয়নই আমাদের প্রাথমিক লক্ষ। তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যেই আলোচনা করে পুরনিগমের এমআইসি ও ডেপুটি মেয়র ঘোষণা করা হবে।

