আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ ফেব্রুয়ারি: ভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন পৌর এলাকা। ব্যারাকপুরে বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলের ব্যানার ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে শাসক আর বিরোধীদের মধ্যে শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা।
কিছু দিন ধরেই ব্যারাকপুরের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল, সিপিএম, বিজেপি সকলের ব্যানার ফেস্টুন ছেড়ার ঘটনা সামনে আসছে। বুধবার সকালে ব্যারাকপুর পৌর সভার ২, ৩, ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ফেস্টুন ও ব্যানার ছেঁড়ার অভিযোগ তোলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অপর দিকে এই সমস্ত ওয়ার্ডে সিপিএমের ঝান্ডা ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত বলে অভিযোগ সিপিএমের। তাদের অভিযোগ, মনোনয়নে পর থেকেই সিপিএমের ব্যানার ফেস্টুন ছেঁড়া চলছিল কিন্তু গতকাল রাতে তা চরম আকার ধারণ করে।
এদিন তৃণমূল প্রার্থী সম্রাট তপাদার বলেন, “আমাদের ব্যারাকপুরকে অশান্ত করার চক্রান্ত করে চলেছে বিরোধীরা। এই ধরনের দুষ্কৃতী মূলক কাজ কর্ম চলতে দেওয়া যাবে না। আমি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা গণতন্ত্রে বিশ্বাসী আর সেই পথেই হাঁটবো।”
এই ব্যানার ফেস্টুন ছেঁড়া সম্পর্কে সিপিএমের ব্যারাকপুরের নেতৃত্ব বলেন, “আমাদের বিভিন্ন কার্যালয়গুলিতে টাঙ্গানো ঝান্ডা, ফেস্টুন ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা তৃণমূলের কোনো ব্যানার ফেস্টুন হাত দিয়েও দেখিনি। তবে এই ধরনের কাজ বন্ধ করার জন্য কড়া পদক্ষেপ নেওয়া উচিত।”
অন্যদিকে ব্যারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিবেদিতা কলোনি এলাকায় বিজেপির ব্যানার ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে। আজ সকালে বেশ কিছু বিজেপি কর্মী ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী জয়ন্তী পালের সমর্থনে ওই এলাকায় ব্যানার পোস্টার লাগাচ্ছিল। অভিযোগ, সেই সময় ওই ওয়ার্ডেরই তৃণমূল প্রার্থী সেখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় দাঁড়ায়, এবং ওই বিজেপি কর্মীদের হুমকি দেয় এবং বিজেপি প্রার্থী জয়ন্তী পালের সমর্থনে আনা পোস্টার ছিঁড়ে নর্দমায় ফেলে দেয়। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ওই বিজেপি কর্মী। এরপর তিনি টিটাগর থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান। যদিও এই ঘটনার বিষয় অস্বীকার করেছে শাসক দল।

