আবগারি দফতরের কর্মীদের অত্যাচারে আদিবাসী যুবকের মৃত্যুর অভিযোগ, বাঘমুন্ডিতে দেহ রাস্তায় রেখে আন্দোলন

সাথী দাস, পুরুলিয়া, ২৪ ফেব্রুয়ারি: “আবগারি দফতরের কর্মীদের অত্যাচারে আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে”, এই অভিযোগ তুলে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখালো সংগঠিত আদিবাসীরা। বুধবার সকাল ৬ টা থেকে বাঘমুন্ডি থানার চড়িদা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঘমুন্ডি থানার পুলিশ।

আজ বাঘমুন্ডি থানার চড়িদা মোড় সংলগ্ন এলাকায় শিকারি মুড়ার মৃতদেহ ফেলে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সমাজের। অভিযুক্তদের তদন্ত করে শাস্তির দাবির পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ এবং মৃতের পরিবারের একজনের চাকরির দাবি জানিয়েছেন তাঁরা।পুলিশের আশ্বাসে ৮ ঘন্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি ঝালদা থানার আবগারি দফতরের হাতে গ্রেফতার হন বাঘমুন্ডি থানার রবিডি গ্রামের আদিবাসী যুবক শিকারি মুড়া। গত ১৮ ফেব্রুয়ারি তার শারীরিক অসুস্থতার কারণে শিকারি মুড়াকে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করে পুরুলিয়া জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত‍্যু হয় তার। পরিবারের অভিযোগ, আবগারি দফতরের কর্মীর অত্যাচারেই মৃত‍্যু হয়েছে তাঁর।

মঙ্গলবার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পর পরিবারের লোকেদের হাতে মৃতদেহটি তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *