স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ ফেব্রুয়ারি: হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, গত শনিবার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সন্তান প্রসব করেন রায়গঞ্জ থানার বড় বরুয়া এলাকার বাসিন্দা সেফালি খাতুন। এরপর বুধবার সেই শিশুটিকে দেখতে হাসপাতালে যান সদ্যোজাত শিশুটির মামার বাড়ির আত্মীয়রা। কিন্তু হাসপাতালে শিশুটিকে দেখতে না পাওয়ায় সন্দেহ হয় তাদের। এরপর শিশুটির বাবাকে জিজ্ঞেস করলে তিনি জানান বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু মা হাসপাতালে আর সন্তান বাড়িতে? এমন বিভ্রান্তিকর কথা শুনে শিশুটির মামার বাড়ির লোকজন হানা দেয় বাড়িতে। সেখানেও শিশুটিকে না পাওয়ায় শুরু হয় গণ্ডগোল৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শিশুর বাবা। এরপর এলাকা থেকে শিশুর বাবা ও পিসেমশাইকে আটক করা হয়৷ তাদের জিজ্ঞাসাবাদ করে এদিনই উত্তর দিনাজপুরের হেমতাবাদের মহম্মদ করিম নামে একজনের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পরে শিশুটিকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে মায়ের হেফাজতে হস্তান্তর করে পুলিশ।
শিশুটির মামা আমিরুল আলি জানিয়েছেন, “শিশুটিকে দেখার জন্য আমরা কালিয়াগঞ্জ থেকে ছুটে এসেছি। অথচ হাসপাতালে গিয়ে দেখি শিশুটি নেই৷ এরপর বাড়িতে গিয়েও দেখি একই অবস্থা। পরে ভগ্নিপতিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি শিশুটিকে হেমতাবাদে একজনের কাছে দিয়ে আসা হয়েছে৷ পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে নিয়ে আসে। আমরা খুশি শিশুকে ফিরে পেয়ে।”

রায়গঞ্জ পুলিশ জেলার সুপার মহম্মদ সানা আখতার জানিয়েছেন, শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে৷ গোটা ঘটনার তদন্ত চলছে।

