সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২৩ ফেব্রুয়ারি: স্কুলের প্রধান শিক্ষিকাকে গলা কেটে খুন করার হুমকি দিয়ে মাওবাদীদের চিঠিকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে বিষ্ণুপুরে। এই ঘটনায় আতঙ্কিত বিষ্ণুপুরের শিবদাস গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা ও তার পরিবার। আতঙ্ক ছড়িয়েছে স্কুলের মধ্যেও।
বাঁকুড়ার বিষ্ণুপুর শিবদাস সেন্ট্রাল গার্লস হাইস্কুলে ডাকঘরের মাধ্যমে দুবার চিঠি এল মুন্ডু কেটে নেওয়ার হুমকি দিয়ে। ওই স্কুলের প্রধান শিক্ষিকাকে তোলাবাজি ও ঘুষ নেওয়ার অভিযোগ তুলে গলা কেটে খুন করার হুমকি চিঠি আসে। বুধবার মেদিনীপুরের খড়্গপুরের কৌশল্যা থেকে মাওবাদীদের নামে ওই চিঠি পাঠানো হয় বিষ্ণুপুর শহরের ওই স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা কুন্ডুর নামে। একটি খামে স্পিড পোস্টে স্কুলের ঠিকানায় ওই চিঠি আসে। খামের মধ্যে ২টি চিঠি ছিল। সাদা কাগজের উপর লাল কালি দিয়ে একটিতে লেখা ছিল, আপনাকে তোলাবাজি ও ঘুষ নেওয়া বন্ধ করতে হবে। অন্য ১টি কাগজে একইরকম ভাবে লাল কালিতে লেখা তোলাবাজি ও ঘুষ নেওয়ার জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি রাত দেড়টার সময় আপনার মুন্ডু কেটে খুন করা হবে। নিচে প্রেরকের জায়গায় লেখা ‘মাওইস্ট’। দুটি চিঠির একই হুমকি ছিল ইংরেজি অনুবাদ করে। চিঠি পাঠানো হয়েছে জনৈক কিষাণ মান্ডির নামে। ঠিকানা রয়েছে কৌশল্যা, খড়্গপুর, পিন কোড ৭২১৩০১। ওই চিঠি পেয়ে রীতিমত আতঙ্কে রয়েছেন মধুমিতা কুন্ডু সহ অন্যান্যরা।
গোটা ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। এর আগেও এ রকম হুমকি চিঠি পেয়েছেন জানিয়ে এদিন মধুমিতা কুন্ডু বলেন, ‘এর আগেও সাধারণ পোস্টে আমাকে খুন করার হুমকি দিয়ে চিঠি এসেছে। লেখা ছিল মাওইস্ট। গত ১২ ফেব্রুয়ারি আমাকে খুন করা হবে বলে চিঠি এসেছিল। সেদিন আমি স্কুলে গেছি। স্বাভাবিকভাবেই সব কাজ করেছি। কোনো অসুবিধা কিছু হয়নি। এদিন ফের স্পিড পোস্টে এই চিঠি এসেছে। কেন বা কী ব্যাপার কিছুই বুঝতে পারছি না। ঘুষ বা তোলাবাজির কথা কেন বলা হচ্ছে সেটাও বুঝতে পারছি না। আমি গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছি। রাত দেড়টার সময় খুন করার কথা লিখেছে কেন সেটাও বুঝতে পারছি না। তাই আতঙ্ক তো একটু রয়েইছে’।
পুলিশ জানিয়েছে, শিবদাস সেন্ট্রাল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকাকে খুন করার হুমকি দিয়ে মাওবাদীদের নামে একটি চঠি এসেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই প্রধান শিক্ষিকার নিরাপত্তার দিকেও লক্ষ্য রাখা হচ্ছে।

