জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ নভেম্বর: নানুরে সিপিএম কর্মী বাদল শেখকে হত্যার প্রতিবাদে বুধবার মেদিনীপুর শহরে একটি ধিক্কার মিছিল বের হয়। কৃষক হত্যার প্রতিবাদে এদিনের ধিক্কার মিছিলের আয়োজন করে সিপিএমের মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটি। গত ৭ নভেম্বর বীরভূম জেলার নানুরে গরিব কৃষক বাদল শেখকে নভেম্বর বিপ্লবের পতাকা তোলার জন্য তৃণমূলের জল্লাদ বাহিনীর হাতে খুন হয় বলে সিপিএমের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। সেই ঘটনার প্রতিবাদে আজ বুধবার দলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির অন্তর্ভুক্ত মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির ডাকে খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের ও শাস্তির দাবিতে একটি ধিক্কার মিছিল সংগঠিত করা হয়।

