দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েতে আন্ত্রিকের প্রকোপ, অসুস্থ ৩০

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ নভেম্বর: দাসপুর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের আলুপাড়া এলাকায় আন্ত্রিক রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে। গত কয়েকদিনে এই এলাকার প্রায় ৩০ জন  বিভিন্ন প্রকার পেটের রোগের সমস্যা নিয়ে অসুস্থ হয়েছেন। অনেকেই নিকটবর্তী সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে, এলাকায় স্বাস্থ্য দপ্তরের নজর রয়েছে। দূষণমুক্ত করার জন্য এলাকায় জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি ব্লিচিং ছড়ানো হচ্ছে। আক্রান্তদের বার বার বমি ও পায়খানার উপসর্গ রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করার পাশাপাশি ওষুধ দেওয়া হয়েছে। গতকাল একটি তিন বছরের শিশু আক্রান্ত হয়েছিল, আজ এক বৃদ্ধ নতুন করে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ৩০ জন আন্ত্রিক রোগে আক্রান্ত হয়েছেন। তবে এদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠছেন। বাড়িতে থেকে অথবা নিকটবর্তী সরকারি বা বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি থেকে আক্রান্তরা চিকিৎসা করাচ্ছেন।   

স্থানীয়দের দাবি, এলাকায় সজলধারা প্রকল্পের পানীয় জল থেকে, অথবা খাদ্যে বিষক্রিয়া থেকেই এই রোগের সংক্রমণ ঘটতে পারে। প্রশাসনের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট এলেই এই রোগের উৎসের প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *