আমাদের ভারত, হাওড়া, ১০ নভেম্বর: মাত্র ৫ মিনিটের কথা বলার আছিলায় স্ত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ১৬ নং জাতীয় সড়কে বীরশিবপুরে। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।
জানা গেছে, ২০০৫ সালে সাঁকরাইলের কান্দুয়ার বাসিন্দা তরুণীর সাথে এলাকার যুবক সন্দীপ মাজির বিয়ে হয়। যদিও বিয়ের কয়েক বছরের পর থেকেই নানা কারণে দু’জনের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এমনকি দম্পতির ১০ বছরের একটা কন্যা সন্তান থাকলেও স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় গত আগস্ট মাসে দু’জনের বিবাহ বিচ্ছেদ হয়।
সূত্রের খবর, মঙ্গলবার সন্দীপ তার প্রাক্তন স্ত্রীর বাপের বাড়িতে গিয়ে তার সাথে ৫ মিনিট কথা বলার আছিলায় তাকে বাড়ির বাইরে ডাকেন এবং নিজের গাড়িতে বসিয়ে ১০ কিলোমিটার দূরে বীরশিবপুরে নিয়ে চলে যায়। অভিযোগ, বীরশিবপুরে আসার পর জাতীয় সড়কে পার্কিং লটে গাড়ি থামানোর পর সন্দীপ একটি ছুরি দিয়ে তার প্রাক্তন স্ত্রীকে কোপাতে থাকে। নিজেকে বাঁচাতে কোনও রকমে গাড়ির দরজা খুলে বাইরে বেড়িয়ে মহিলা চিৎকার শুরু করলে সন্দীপ পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। পুলিশের প্রাথমিক অনুমান পুরনো আক্রোশ থেকেই এই ঘটনা।

