শুভেন্দু অধিকারীকে নির্লজ্জ, অকৃতজ্ঞ, বেইমান, জানোয়ার বলে নন্দীগ্রামে সভা মঞ্চ থেকে মন্তব্য কুণাল ঘোষের

আমাদের ভারত, নন্দীগ্রাম, ১০ নভেম্বর: নন্দীগ্রামের ১০ নভেম্বরের শহিদ স্মরণ সভা মঞ্চ থেকে শুভেন্দুকে কুরুচিকর মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আজ ১০ই নভেম্বর নন্দীগ্রামে ২০০৭ সালের ভয়ংকর সিপিএমের ‘রক্তাক্ত সূর্যোদয়’ এর বর্ষপূর্তি উপলক্ষ্যে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে নন্দীগ্রামের করপল্লিতে তৃণমূলের শহিদ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় বক্তব্য রাখাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

তিনি বলেন, যে নির্লজ্জ, বেইমান শুভেন্দু অধিকারী এতদিন সনাতন ধর্মের নাড়া লাগিয়ে এসে যে মুসলিমদের জেহাদি বলেছে, সেই শহিদ বেদীতে মুসলিমদেরও রক্ত লেগে রয়েছে। কোন লজ্জায় তিনি মাল্যদান করবেন শহিদ বেদীতে? যে ফিরোজ বিবিকে শহিদ মাতা বলে সম্বোধন করা হয় তাকে কি বলে ডাকবেন শুভেন্দু? জেহাদির মা? কুণালঘোষ আরও বলেন, মা কাকে বলে যিনি জন্ম দিয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারীকে যিনি রাজনৈতিক জন্ম দিয়েছেন সেই মমতা ব্যানার্জির সাথে তিনি গদ্দারি করেছেন।

প্রসঙ্গত, আজ বিকেলে বিজেপির উদ্যোগে পদযাত্রা শেষে সভা হয় নন্দীগ্রামের গোকুলনগর কর পল্লীতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের একই জায়গাতেই সকালে এবং বিকেলে দুই দলের শহিদ স্মরণ সভায় নেতাদের বক্তব্য নিয়ে আলোড়ন রাজ্য রাজনীতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *