সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ আগস্ট: আজ বাঁকুড়া জেলাজুড়ে রাখি বন্ধন উৎসব পালিত হল নানা অনুষ্ঠানের মাধ্যমে।বাড়িতে বাড়িতে যেমন চলছে রক্ষা বন্ধন উৎসব, মিষ্টি মুখ তেমনি বিভিন্ন সংস্থা দিনটিকে মহাসমারোহে পালন করে। এদিন বাঁকুড়া পৌরসভা পরিচালিত স্বহায় সম্বলহীনদের আশ্রয়স্থল শান্তিনীড়ে আবাসিকদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করে এক্সপ্লোরেশন নেচার অ্যাকাডেমি।
এদিনের অনুষ্ঠানে বাঁকুড়া সদর থানার আইসি দেবাশীষ পন্ডা, উপপৌরপ্রধান হিরণ চট্টরাজ, ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।আবাসিকরা এদিন সকলের হাতে রাখি পরিয়ে দেন। এদিন রাখি উপলক্ষে স্কুল ছুটি থাকলেও দক্ষিণ বাঁকুড়ার জঙ্গল মহলের চাতরি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দিনটিকে সৌভ্রাতিত্বের মেলবন্ধনের সাথে সাংস্কৃতিক দিবস হিসাবে পালন করল বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম মন্ডল।
এদিন তারা প্রভাতফেরী করে দিনটির তাৎপর্যকে তুলে ধরেন জঙ্গল মহল এলাকায়।

অন্যদিকে উত্তর বাঁকুড়ার মেজিয়া বড়জোড়া শিল্পাঞ্চলে তৃণমূল ও তাদের শ্রমিক সংগঠনের মধ্যে দেখা গেল
উৎসবের আমেজ। এদিনই দলের হেভিওয়েট নেতা অনুব্রত মন্ডলকে সিবিআই গ্রেফতার করে আসানসোলে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার কোনও প্রভাব নজরে পড়েনি। মেজিয়ার ডিভিসি সংলগ্ন শ্রমিক ভবন প্রাঙ্গণে আইএনটিটিইউসি’র জেলা সভাপতি রথীন ব্যানার্জির উদ্যেগে রাখি বন্ধন উৎসব পালিত হয়। এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা, ব্লক সভাপতি ইন্দ্রজিৎ কর্মকার সহ হাজার খানেক শ্রমজীবী মানুষ। তাদের প্রত্যেকের হাতে রাখি পরিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রথীন ব্যানার্জি। পাশাপাশি পথ চলতি মানুষ যানবাহনের চালক ও খালাসিদেরও রাখি পরিয়ে মিষ্টিমুখ করান তিনি।
এদিকে বাঁকুড়া জেলা ভাগের বিরোধীতা করে বাঁকুড়া ভঙ্গ প্রতিরোধ কমিটি জেলার অখন্ডতা রক্ষার শপথ নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করে। এই কমিটির অন্যতম সদস্য সাংস্কৃতিক কর্মী মধূসূদন দরিপা বলেন, আমরা জেলা ভাগ হতে দেব না। এই দাবিতে আমরা অঙ্গীকার বদ্ধ।

