সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ আগস্ট: শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস শ্রদ্ধার সাথে পালিত হল বাঁকুড়ায়। আজ সকালে নতুনগঞ্জে শহিদ ক্ষুদিরামের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বাঁকুড়া অনুশীলন সমিতির পক্ষ থেকে ক্ষুদিরাম বসুর ১১৫ তম আত্ম বলিদান দিবস পালন করা হয়। কুচকুচিয়াস্থিত বাঁকুড়া অনুশীলন সমিতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্তরঞ্জন কুন্ডু।

উপস্থিত প্রত্যেকে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেন সম্পাদক প্রদীপ নাগ, হর সুন্দর মল্লিক, সমীর কুমার দাস, রাজকুমার সুরেকা, চিত্তরঞ্জন কুন্ডু প্রমুখ। গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন দেবল কৃষ্ণ দত্ত ও কৃষ্ণা আচার্য। প্রত্যেকে ক্ষুদিরাম বসুর ত্যাগ, তিতিক্ষা ও আত্ম বলিদান এর কথা তুলে ধরেন।
চাতরি নিম্নবুনিয়াদী আবাসিক স্কুলে আজ এক অনুষ্ঠানে শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস স্মরণ করা হয়। স্কুলের ছাত্র ছাত্রীরা ক্ষুদিরামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানায়। শিক্ষক উত্তম মন্ডল ক্ষুদিরামের দেশপ্রেম ও স্বাধীনতার জন্য তার আত্মত্যাগের কাহিনী তুলে ধরেন।

