বুথ স্যানিটাইজ করার কাজ শুরু করল রায়গঞ্জ পুরসভা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ এপ্রিল: পুরসভা এলাকার প্রতিটি বুথ স্যানিটাইজ করার কাজ শুরু করল রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী করোনা সংক্রমণ প্রতিরোধ বিধি মেনে প্রতিটি বুথ স্যানিটাইজ করার পাশাপাশি বুথের পরিকাঠামো তৈরি করার কাজ শুরু করল পুর প্রশাসন। রায়গঞ্জ পুর এলাকার সকল ভোটারদের করোনা বিধি মেনে ভোটদানে অংশগ্রহণ করার আবেদন জানালেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। শুরু হয়েছে ভোটদানের জন্য নির্বাচন কমিশনের মাইকিংয়ের মাধ্যমে প্রচার।

করোনা আবহেই আগামী বৃহস্পতিবার ২২ এপ্রিল উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের ভোট। জেলার মোট ৩০৩৬টি বুথে ভোট দেবেন ২১ লক্ষ ৫৩ হাজার ৬৭৩ জন ভোটার। সবরকম করোনা বিধি মেনেই ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলার প্রতিটি বুথ স্যানিটাইজ করার কাজ শুরু করেছে প্রশাসন। ভোটের আগ মুহূর্ত পর্যন্ত মোট তিনবার বুথ স্যানিটাইজ করা হবে। বুথের ভেতরে গ্লাভস ও পিপিই কিট রাখা থাকবে। বুথে সামাজিক দূরত্ব বিধি মেনে লাইনে দাঁড়ানো থেকে শুরু করে প্রতিটি ভোটারকে থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপার পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার ব্যাবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। রায়গঞ্জ পুরসভার মোট ৮৫ টি বুথে আজ দুপুর থেকেই শুরু করা হল স্যানিটাইজ করার কাজ।

রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, অতিমারির সময়ে নির্বাচন হচ্ছে। অতিমারি করোনার সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য প্রতিরোধমূলক ব্যাবস্থা হিসেবে পুরসভা এলাকার প্রতিটি বুথ স্যানিটাইজ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *