মনোনয়নপত্র জমা দেওয়ার পর জোরকদমে প্রচারে রায়গঞ্জের বাম-কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ এপ্রিল: বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আজ সাতসকালেই রায়গঞ্জ শহরে জোর কদমে প্রচারে নেমে পড়েছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার বাম-কংগ্রেস জোট প্রার্থী কংগ্রেসের মোহিত সেনগুপ্ত। সিপিআইএম এবং কংগ্রেস নেতা কর্মীদের সাথে নিয়ে বৃহস্পতিবার সকালেই প্রচার সারলেন রায়গঞ্জের বাজারগুলিতে।

সকাল আটটাতেই বাম-কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে পৌঁছে যান রায়গঞ্জ স্টেশন বাজারে। বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সাথা নমস্কার ও করমর্দনের সাথে কুশল বিনিময় করার সাথে সাথে ভোটের আবেদনও করেন রায়গঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী দুবারের বিধায়ক মোহিত সেনগুপ্ত। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে টানা দুবার বিধায়ক হওয়ার পর তৃতীয়বারের জন্য বিধায়ক হওয়ার লড়াইয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে বাম-কংগ্রেস কর্মী সমর্থকেরা।

রায়গঞ্জ বিধানসভার বিদায়ী বিধায়ক কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত বলেন, প্রার্থীপদে নাম ঘোষনার পর থেকেই লাগাতার প্রচার চলছে। সকালের দিকে বাজারগুলিতে প্রচার দুপুর থেকে বিকেল ওয়ার্ডে ওয়ার্ডে এবং সন্ধ্যায় গ্রামগঞ্জের বুথে বুথে এভাবেই প্রচার করছি। বুধবার বাম-কংগ্রেস প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য রায়গঞ্জ শহরে মানুষ এক ঐতিহাসিক মিছিল দেখেছে। রায়গঞ্জের মানুষ যে শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছে তাতে এই কেন্দ্রে আমার জয় একশো শতাংশ নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *