আমাদের ভারত, ২১ জুলাই: ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানের পরের দিন নিট কান্ড নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বললেন, প্রশ্ন ফাঁস মহাপাপ। তাকে রোখা গোটা দেশের দায়িত্ব। এনডিএ সংসদীয় দলের মঙ্গল মিলন বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য উদ্ধৃত করে একথা জানান।
কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সাংসদদের বার্তা দিয়েছেন মোদী যে, শিশুদের উস্কানি দেবেন না। ওদের সঠিক পথ দেখান।
এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ভুল পথে চলে যাওয়া খুব সহজ। কিন্তু সঠিক পথে ফিরে আসা অনেক কঠিন। তাই তাদের সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। সেটা আমাদের কর্তব্য। রিজিজু বলেন, প্রধানমন্ত্রী সব পক্ষকে একযোগে এমন একটি ত্রুটিমুক্ত নির্ভুল পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যাতে ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ না থাকে।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দাবি করেছেন, নিট কান্ডের ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই কেন্দ্র কঠোর পদক্ষেপ করেছে। সঙ্গে সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে। ফাঁসের অপরাধে যারা জড়িত ছিলেন তাদের প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। ১৩ জন বর্তমানে হেফাজতে রয়েছে, যারা এই প্রশ্নপত্র ফাঁসির মতো অপরাধ করেছে তারা প্রত্যেকের কঠোরতম সাজা হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রত্যেক রাজ্য সরকারের কাছে তিনি অনুরোধ করেছেন, এই মর্মে একজোট হয়ে এগোতে এবং ভবিষ্যতে যেন এমন প্রশ্ন ফাঁসের ঘটনা আর না ঘটে তার ব্যবস্থা গ্রহণ করতে।
সোমবার ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে দিল্লি। ধরপাকড়, লাঠিচার্জ কাঁদানে গ্যাস ছুড়ে অভিযান আটকায় পুলিশ। তার মধ্যে সিজেপির সঙ্গে আলোচনায় বসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা। বিজেপি জানিয়েছে, সরকারের কাছে তারা মূলত তিনটি দাবি জানিয়েছেন, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তেমনই চলবে।
এই পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দপ্তরে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, প্রায় চার ঘন্টা বৈঠক হয় শাহ ও ধর্মেন্দ্রর মধ্যে। এদিকে সোনাম ওয়াংচুক জানিয়ে দেন, হাসপাতালে অনশন চালিয়ে যাবেন। শিক্ষাবিদের হাতে লেখা চিঠি সমাজ মাধ্যমে পোস্ট করা হয়। সংসদ অভিযানে পুলিশের ভূমিকায় নিন্দা করেছেন তিনি। তাঁর কথায়, শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল যুব সম্প্রদায়ের সঙ্গে নৃশংস আচরণ করা হয়েছে। তা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে অনশন চালিয়ে যাব।
কিন্তু কতদিন অনশন চালাবেন? তিনি জানান, যতদিন না পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে সংসদ ভবনে সাংসদদের দেখা করতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, ততদিন অনশন চলবে। হাসপাতালে তার সঙ্গে আন্দোলনকারীদের দেখা করতে দেওয়ার অনুমতিও চেয়েছেন ওয়াংচুক।

