ED, Bangaon, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে ১৬৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বনগাঁ- সহ রাজ্যের ৮ জায়গায় ইডি-র তল্লাশি

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ জুলাই:
সাতসকালে ফের রাজ্যে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে বনগাঁ, কলকাতা ও উত্তর ২৪ পরগনা- সহ রাজ্যের মোট আটটি জায়গায় মঙ্গলবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই চলছে এই অভিযান।

ইডি সূত্রে জানা গিয়েছে, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার টোপ দেখিয়ে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, প্রায় ২০ হাজার আমানতকারীর কাছ থেকে এভাবে মোট প্রায় ১৬৫ কোটি টাকা তোলা হয়েছে। এই ঘটনায় অভিযোগ জমা পড়ার পরই তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে নেমে
আধিকারিকরা জানতে পারেন, বনগাঁ- সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে এই প্রতারণা চক্রের জাল। এরপরই মঙ্গলবার সকালে একাধিক দলে ভাগ হয়ে রাজ্যের আটটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেন ইডি আধিকারিকরা।

জানা গিয়েছে, বনগাঁর চারটি ঠিকানায় চলছে তল্লাশি। তার মধ্যে রয়েছে অভিজিৎ বিশ্বাসের বাড়ি এবং তাঁর এক প্রতিবেশীর বাড়ি। যদিও তল্লাশির সময় অভিজিৎ বিশ্বাস বাড়িতে ছিলেন না বলেই স্থানীয় সূত্রে খবর। ইডি সূত্রের দাবি, এই কথিত প্রতারণা চক্রে অভিজিৎ বিশ্বাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই সূত্রেই তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিজিৎ বিশ্বাস দীর্ঘদিন ধরেই এলাকার বাইরে থাকেন এবং তাঁকে নিয়মিত এলাকায় দেখা যায় না। মঙ্গলবার সকালে হঠাৎ করে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এবং ইডির তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এদিকে, আজ মঙ্গলবার ২১ জুলাই। কলকাতায় একাধিক রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এমনিতেই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তার মধ্যেই বনগাঁ- সহ রাজ্যের একাধিক জায়গায় ইডির এই তল্লাশি অভিযান ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *