আমাদের ভারত, ৫ জুন: পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করতে এলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার জন্য প্রয়োজনীয় হাতে ঝাঁটা কুড়ুল তুলে নিতে হবে। ভোট লুট মোকাবিলায় দলের মহিলা কর্মীদের এমনটাই নিদান দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে তৃণমূলের অভিযোগ, বিজেপির রাজ্য সভাপতি সন্ত্রাসের মদত দিচ্ছেন।
মালদার এক সভায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ওরা পঞ্চায়েত দখল করবে লাঠির ঘায়ে। তাঁর কথায়, “আদিবাসী, রাজবংশী, মতুয়া মহিলাদের বলছি হাতে ঝাঁটা কুড়ুল রাখুন, ভোট লুট করতে এলে তৃণমূলের দুষ্কৃতীদের পাড়া ছাড়া করবেন।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এসব বলে তো সুকান্ত মজুমদার সন্ত্রাসের মদত দিচ্ছেন। এটা কি সিবিআই দেখবে না?”
আগামী বছরই রাজ্যে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল করার ডাক দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। সুকান্ত মজুমদার বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কেন্দ্রের পাঠানো জনকল্যাণমূলক টাকা, উন্নয়নের টাকা লুট হচ্ছে। সকলকে একত্রিত হয়ে তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করতে হবে। সে লড়াই খুব তাড়াতাড়ি শুরু হবে।”
মোদী সরকারের আট বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার পুরাতন মালদায় মিছিল করে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি সে কর্মসূচিতে অংশ নেন, ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

