গুয়াহাটিতে বাইক দুর্ঘটনায় মৃত্যু সেনা জওয়ান অশোকনগরের বাসিন্দা নারায়ণ চন্দ্রের, শোকাচ্ছন্ন পরিবার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ জুন: ডিউটিতে যাওয়ার পথে অসমের গুয়াহাটিতে বন্যা বিধ্বস্ত এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল সেনা জওয়ানের। উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পৌরসভার বাসিন্দা নারায়ণ চন্দ্র নামে ওই জওয়ান ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে কর্মরত ছিলেন। পোস্টিং ছিল গুয়াহাটিতে।

পরিবার সূত্রে খবর, শুক্রবার বাড়ি ফেরার কথা ছিল ওই জওয়ানের। গতকাল দুপুর আড়াইটে নাগাদ স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয়। এরপরই বন্যা বিধ্বস্ত রাস্তায় চাকা পিছলে বাইক থেকে পড়ে মৃত্যু হয় ওই জওয়ানের। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

টেরিটোরিয়াল আর্মি জওয়ান নারায়ন চন্দ্র(৪২) এদিন ব্যারাক থেকে বাইকে করে ডিউটিতে যাওয়ার সময় অসমের গুয়াহাটিতে বন্যা বিধ্বস্ত এলাকায় একটি গবাদি পশুকে বাঁচাতে বাইক থেকে পড়ে যায়। এরপরে একটি ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা মারেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভারতীয় জওয়ানের। কাজে যোগ দেওয়ার পথে এমন দুর্ঘটনা। আকস্মিক দুর্ঘটনায় ভেঙে পড়েছ অশোকনগর কল্যাণগড়ের বাসিন্দা ও তার পরিবার। নারায়ণ চন্দ্র এলাকায় বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিবছর জগদ্ধাত্রী পুজো করতে বাড়িতে ছুটে আসতেন। সব মিলিয়ে এইভাবে প্রাণোচ্ছল যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ ময়না তদন্তের পরে কফিনবন্দি হয়ে অশোকনগরের বাড়ি ফিরিয়ে আনা হবে তার দেহ বলে জানাগিয়েছে। আগামী শুক্রবার বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু বাড়ি ফিরে আসছে কফিনবন্দি হয়ে। অশোকনগর কল্যাণগড় পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন নারায়ণবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *