আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ জুন: জামাইষষ্ঠীতে যাওয়ার পথে সাত সকালে পথ দুর্ঘটনায় মারা গেলেন দুই জন। আজ সকালে ৪১ নং জাতীয় সড়কে মেচেদা থেকে হলদিয়া যাওয়ার পথে উদয়চকের কাছে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। এলাকার লোক মারফৎ ঘটনার খবর জানতে পেরেই মিলন নগর টোল প্লাজা থেকে অ্যাম্বুলেন্স গিয়ে এই সাইকেল আরোহীকে ও তার সঙ্গীকে তমলুক জেলা হাসপাতলে নিয়ে যাওয়া হয়। তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে খবর, গজেন মাইতি এবং তার স্ত্রী ঝর্ণা মাইতি সাইকেলে চেপে মেচেদার দিক থেকে হলদিয়ার দিকে জামাই ষষ্ঠী করতে যাচ্ছিল। রাস্তায় উদয়চকের কাছে পিছন দিক থেকে পণ্যবাহী ট্রাক ধাক্কা মেরে পালিয়ে যায়। রাস্তার ধারে গুরুতর আহত অবস্থায় এই যুবক এবং মহিলা পড়ে থাকে। এলাকাবাসীরা দেখতে পেয়ে খবর দেয় স্থানীয় মিলন নগর টোল প্লাজায়। সেখান থেকেই অ্যাম্বুলেন্সে করে তমলুক জেলা হাসপাতালে তাদের নিয়ে গেলে দুইজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।

মৃতদের পরিচয় জানতে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ। সঙ্গে থাকা কাগজপত্র খতিয়ে দেখে পুলিশ জানতে পারে মৃতের একজনের নাম গজেন মাইতি (৪৬), অন্যজন তার স্ত্রী ঝর্ণা মাইতি (৩৬)। মৃতদের বাড়ি তমলুকের সোয়াদিঘি এলাকায়। দুর্ঘটনার কথা জানাজানি হওয়ার পর এ এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতদেহ ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

