সাথী দাস, পুরুলিয়া, ৫ সেপ্টেম্বর: সেরা বিদ্যালয়ের পুরস্কার পেল পুরুলিয়া রামকৃষ্ণ মিশন ও বিদ্যাপীঠ। শিক্ষা বিতরণে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দিল পশ্চিমবঙ্গ সরকার। আজ জেলাশাসকের কার্যালয়ে একটি অনুষ্ঠানে প্রতিনিধিদের হাতে শংসাপত্র স্মারক ও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। জেলাশাসক রাহুল মজুমদার ও জেলা পুলিশ সুপার এস সিলভামুরগণ এই সন্মান তুলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী জ্ঞানরূপানন্দ মহারাজ জানান, রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেরা বিদ্যালয়ের সন্মানে পুরুলিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের নাম ঘোষণা করায় খুশি। বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি খুশি শিক্ষক অশিক্ষক কর্মী, ছাত্র অভিভাবক সকলেই। পাশাপাশি তিনি সকলের উদ্দেশ্যে বার্তাদেন দীর্ঘ করোনা অতিমারির কারণে ছাত্র ও শিক্ষকদের মধ্যে একটা দৈহিক দূরত্ব হয়েছে। তা অতিক্রম করে আমরা ছাত্রদের কাছে যত বেশি পৌঁছাতে পারি তাহলেই শিক্ষার প্রসার আরো বেশি করে ঘটাতে সক্ষম হব।

১৯৫৮ সালে পুরুলিয়া শহরের উপকণ্ঠে বিবেকানন্দ নগরে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শ ও ভাব ধারায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান রাজ্যের শিক্ষা মানচিত্রে একটা আলাদা জায়গা করে নিয়েছে। বর্তমানে ছাত্র সংখ্যা ৭৮০ জন। লেখাপড়ার সঙ্গে খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শরীরচর্চা ও আধ্যাত্মিক বিকাশে ছাত্ররা অংশগ্রহণ করে। ছাত্র কল্যাণে বিশেষ অবদানের জন্য ১৯৯৩ সালে রাষ্ট্রপতি পুরস্কার পায় এই শিক্ষা প্রতিষ্ঠান। ২০১৮ সালে রাজ্য সরকারের কাছ থেকে সম্মাননা পেয়েছিল এই আবাসিক বিদ্যালয়। করোনাকালে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে নিয়মিত পাঠ দানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ নজর কেড়েছে।

