অমরজিৎদে, ঝাড়গ্রাম, ৫ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার আমর্দা, বর্ণগোড়া, দুধকুন্ডি, পাঁচকাহানিয়া এলাকায় চোলাই মদের ভাটিতে হানা দেয় গোপীবল্লভপুর থানার পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা। ওই এলাকাগুলিতে বেআইনিভাবে চোলাই মদ তৈরি করে বিক্রি করা করা হচ্ছে বলে খবর পায় পুলিশ ও আবগারি দপ্তর। তাই পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে ওই এলাকাগুলি থেকে ৮০ লিটার চোলাই মদ এবং ৩২০০ লিটার কাঁচামাল নষ্ট করে দেয় পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা। সঙ্গে তারা ওই এলাকায় থাকা চোলাই মদের ভাটিগুলিকে ভেঙ্গে নষ্ট করে দেয়।

পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা যাওয়ার আগেই চোলাই মদ ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। যার ফলে কাউকে এখানো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিনিয়ত এই এলাকায় চোলাই মদ বিক্রি করা নিয়ে গন্ডগোল হয়। পুলিশ যদি এভাবেই নজরদারি করে তাহলে এই এলাকায় চোলাই মদ বিক্রি বন্ধ হবে। পুলিশ ও আবগারি দপ্তরের ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা।

