রাজেন রায়, কলকাতা, ৫ সেপ্টেম্বর: শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যু রহস্যের তদন্ত চালাচ্ছে সিআইডি। সোমবার এই মামলায় হাজিরা দেওয়ার কথা খোদ শুভেন্দু অধিকারীর। এবার এই রহস্য মৃত্যুর ঘটনায় এবার শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত চালককে শম্ভু মাইতিকে ৭ সেপ্টেম্বর তলব করল সিআইডি। এছাড়া একই মামলায় একই দিনে সঞ্জয় শুক্লা নামেও একজনকে তলব করা হয়েছে। তিনি শম্ভু মাইতির ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।
সোমবার বেলা ১১টায় ভবানীভবনে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারীকে। এই মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জেরা করেছেন তদন্তকারীরা। বিরোধী দলনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪৩ পাতার একটি প্রশ্নপত্রও তৈরি করেছেন তদন্তকারীরা। তৈরি হয়েছে ৫ স্পেশাল অফিসারের একটি টিম।
উল্লেখ্য, ২০১৩ সালে ১৩ অক্টোবর সকাল ১১টায় কাঁথির পুলিশ ব্যারাকে মাথায় গুলি লেগে জখম হন শুভেন্দুর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী ওরফে বাপি। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ওই ঘটনায় অতিসম্প্রতি শুভব্রতের স্ত্রী সুপর্ণা কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলার তদন্তভার নেয় সিআইডি। অধিকারী-নিবাস শান্তিকুঞ্জ লাগোয়া বাড়িতে থাকতেন শুভব্রত। সেখানে গিয়েও তদন্ত করেছেন গোয়েন্দারা। শুভেন্দু বলেছিলেন, ‘এফআইআরের ভিত্তিতে তৈরি হয়েছিল চূড়ান্ত চার্জশিট। ২ বছর ৮ মাস পরে কেন এফআইআর করা হল? কারণ রাজনৈতিক। ওই পরিবারের সদস্য তৃণমূলের বিধায়ক।’

