বাঘমুন্ডির চড়িদা গ্রামের ছৌ মুখোশ শিল্পীদের পাশে দাঁড়াল পুরুলিয়া নাগরিক মঞ্চ

সাথী দাস, পুরুলিয়া, ৪ জুলাই: করোনা আবহে জীবন জীবিকায় প্রভাব পড়া বাঘমুন্ডির চড়িদা গ্রামের ছৌ মুখোশ শিল্পীদের পাশে দাঁড়াল পুরুলিয়া নাগরিক মঞ্চ। আজ ওই গ্রামে গিয়ে দুঃস্থ মুখোশ শিল্পীর পরিবারের প্রতিনিধিদের হাতে শাড়ি, জামা কাপড়, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন মঞ্চের কর্মকর্তা ও সদস্যরা। করোনা বিধি মেনে স্থানীয় একটি মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে ওই সামগ্রী তুলে দেওয়া হয়।

অতিমারী করোনা আবহে সব চেয়ে বেশি প্রভাব যে জীবিকার মধ্যে পড়েছে তার অন্যতম হল ছৌ মুখোশ শিল্প। বাঘমুন্ডির জনপ্রিয় সেই চড়িদা গ্রামে প্রায় ১৫৫ টি পরিবারের বসবাস। বংশ পরম্পরায় তাঁরা এই কুটির শিল্প এবং পুরুলিয়ার ঐতিহ্যবাহী সংস্কৃতি ছৌ নৃত্যকে আজকের দিনেও জনপ্রিয় করে তুলতে সাহায্য করছে। পরিবারের সবাই মুখোশ গড়তে হাত লাগান। সবই ঠিক চলছিল। কোভিড ১৯ ছন্দ পতন ঘটিয়ে দিয়েছে এই শিল্পের সঙ্গে জড়িত দুঃস্থ পরিবারগুলির। পর্যটক নেই। তাই বেচা কেনাও নেই। সরকারি সহায়তা থাকলেও তা যথেষ্ট নয়। এই অবস্থার কথা জানতে পেরেই পুরুলিয়া নাগরিক মঞ্চ সামর্থ অনুযায়ী তাদের পাশে থাকার সিদ্ধান্ত নেয়। আজ তারই বাস্তব রুপ পেল বলে জানান, মঞ্চের সম্পাদক ঋতুরাজ দে।

দুঃস্থ ২৫ টি পরিবারের প্রতিনিধিদের হাতে নতুন শাড়ি, মোট তিন বস্তা জামা কাপড়, খাদ্য সামগ্রীর মধ্যে আটা, সর্ষের তেল, সয়াবিন বড়ি, চিনি, নুন, প্রয়োজনীয় গুঁড়ো মশলা, বিস্কুট, চা, সাবান, শ্যাম্পু, নারকেল তেল, সাবান গুঁড়ো প্রভৃতি সামগ্রী তুলে দেওয়া হয়। গ্রামে ওই মানুষের খোঁজ নিতে সম্পাদক ছাড়াও ছিলেন মঞ্চের সভাপতি ড: সুবল চন্দ্র দে, সহসভাপতি ডা: মনোজিত মন্ডল, পার্থ সারথি রায়, ড: প্রবীর সরকার সহ অন্যান্য সদস্যরা। অপ্রত্যাশিত এই সাহায্য পেয়ে খুশি ফুটে ওঠে পরিবারগুলির সদস্যদের চোখে মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *