সাথী দাস, পুরুলিয়া, ২০ জানুয়ারি: ‘দলের নতুন জেলা সভাপতি সম্পর্কে অসন্তোষ জানিয়ে নাড্ডাকে চিঠি পুরুলিয়ার বিধায়কদের।’ সংবাদ মাধ্যমে পরিবেশিত এই খবরকে উড়িয়ে দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সংবাদ মাধ্যমকে আজ তিনি জানান, “এটা তৃণমূলের রটনা। এরকম কোনও ঘটনাই ঘটেনি। তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের তথাকথিত যুবরাজের মধ্যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এটাকে ঢাকা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় এই ধরনের গুজব ছড়াচ্ছে তৃণমূল।”

জেলা সভাপতি বদল নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলার ৫ বিধায়ক চিঠি দেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে। ‘ভূমিপুত্র নন’, আর এনিয়েই ক্ষোভ দেখা দিয়েছে দলের অন্দরে বলে খবর পরিবেশিত হয়। প্রসঙ্গত, সদ্য জেলা বিজেপি সভাপতি বদল হয়েছে পুরুলিয়ায়। বিদ্যাসাগর চক্রবর্তীর পরিবর্তে নতুন জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন বিবেক রাঙ্গা। এর আগে দলের সাধারণ সম্পাদক পদের দায়িত্বে ছিলেন। এ নিয়েই দলের অন্দরে শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ। দলের সভাপতি বদল হলেই অসন্তোষ, সমস্যা হয় বলে স্বীকারও করেন জয়পুরের বিধায়ক নরহরি মাহাতো।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি এই ঘটনাকে তৃণমূলের কারসাজি বলে পাল্টা অভিযোগ করেন। সভাপতি বিবেক রাঙা বলেন, “সব বিধায়কের সঙ্গে সম্পর্ক ভালো ছিল এবং আছে। এরকম ঘটনা ঘটে নি।”

