আমাদের ভারত, ২০ জানুয়ারি: সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খোলার দাবিতে ২৭ জানুয়ারি রাজ্যজুড়ে বিক্ষোভ, ধর্ণা, পদযাত্রা, সই-সংগ্রহ এবং মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানোর ডাক দিল সারা বাংলা সেভ এডুকেশন কমিটি।
সংগঠনের সম্পাদক তরুণকান্তি নস্কর বৃহস্পতিবার একথা জানিয়ে লেখেন, “প্রাথমিক থেকে সমস্ত স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানিয়ে গত ১ ও ১৬ জানুয়ারি মুখ্যমন্ত্রীকে সারা বাংলা সেভ এডুকেশন কমিটির তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির কোনো উত্তর আমরা না পেলেও রাজ্য সরকার কোভিড বিধি নানা ক্ষেত্রে শিথিল করে জনসমাগমের ব্যবস্থা করেছে কিন্তু স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে এখনও নিশ্চুপ। ফেব্রুয়ারি মাসের মিড-ডে মিল দেওয়ার নোটিশ থেকে স্কুল খোলার ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের মধ্যে সন্দেহ আরো দানা বেঁধেছে। আমরা মনেকরি, সরকারের এই দৃষ্টিভঙ্গি শিক্ষার প্রভূত ক্ষতি করলেও বাইজুস ও টিউটোপিয়ার প্রভৃতির মত নানা অনলাইন শিক্ষা-অ্যাপ, যার সঙ্গে কেন্দ্র ও রাজ্যের প্রভাবশালীরা যুক্ত, তাদের ব্যবসায় সাহায্য করবে।
এই পরিপ্রেক্ষিতে আগামী ২৭ জানুয়ারি সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠান অনতিবিলম্বে খোলার দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ, ধর্ণা, পদযাত্রা, সই-সংগ্রহ এবং মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হবে। শিক্ষক, শিক্ষাবিদ ও অভিভাবকদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের এবং অভিভাবকদের কাছে তাদের অনুরোধ তাঁরা যেন তাঁদের বাড়ির পড়ুয়াদের এই কর্মসূচিতে যোগ দিতে সাহায্য করেন।”

