সাথী দাস, পুরুলিয়া, ২৪ মার্চ: স্বাস্থ্য কর্মীদের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ড থেকে বাঁচল পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। অস্ত্রোপচার চলাকালীন হঠাৎ অগ্নিকান্ডের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধে ছ’টার সময় এক প্রসূতিকে প্রসব করাতে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা অপারেশন করার সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান এবং এসি মেশিন থেকে আগুন বেরতে দেখতে পান। মুহূর্তের মধ্যে গোটা ওটি রুম কালো ধোঁয়ায় ভরে যায়। ঘটনায় উত্তেজনা ছড়ায়। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। হাসপাতালে কর্মীরা ও দমকল কর্মীদের সাহায্যে এগিয়ে আসেন। প্রসূতিকে তড়িঘড়ি ওটি থেকে বের করে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়। দমকল কর্মীরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। তার কয়েক মিনিট পরেই আগুন নিয়ন্ত্রনে আনেন। প্রাথমিকভাবে ওই প্রসূতিকে পাশের আইসিইউ-তে নিয়ে গিয়ে চিকিৎসকরা সন্তান প্রসব করানো হয়। সুরক্ষিত স্থানে দ্রুত সরানো হয় ওটির বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ। কার্যত এদিন হাসপাতাল কর্মী ও দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেল পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। পরে ঘটনাস্থলে পৌঁছান পুরুলিয়া পুরসভার পুর প্রধান নবেন্দু মাহালি।


