বিশ্ব যক্ষা দিবসে মেদিনীপুর সিটি কলেজে রক্তদান শিবির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ মার্চ: বৃহস্পতিবার বিশ্ব যক্ষা দিবস উপলক্ষ্যে মেদিনীপুরের সিটি কলেজে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কলেজের ডিরেক্টর অধ্যাপক ড: প্রদীপ ঘোষের বিশেষ উৎসাহে প্রদীপ জ্বালিয়ে এই শিবিরের উদ্বোধন হয়। অন্যান্য অতিথিদের উপস্থিতিতে উদ্বোধন করেন অধ্যক্ষ ড: সুদীপ্ত চক্রবর্তী।

শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেনডেন্ট তথা সহকারী প্রিন্সিপাল ডাঃ ইন্দ্রনীল সেন, রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর, নয়াগ্রাম হাসপাতালের প্যাথালোজিস্ট ডাঃ চন্দন সিং, সমাজ কর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্যরা।

শিবিরে ৩৮ জন মহিলা সহ মোট ১২৭ জন রক্তদান করেন। ডা: ইন্দ্রনীল সেনের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত বক্তব্যে ছাত্ররা বিশেষভাবে অনুপ্রাণিত হয়। শিবিরে ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কলেজের পক্ষে অধ্যাপক অভি কোলে, জগন্নাথ সামন্ত ও ড: রাকেশ জানারা জানান, তাঁরা আগামীদিনে আরো বড় মাপের ক্যাম্পের আয়োজন করবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *