স্কুল খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ, ১৬ নভেম্বরই খুলছে বিদ্যালয়ের দরজা

রাজেন রায়, কলকাতা, ১১ নভেম্বর: শিশুদের টিকাকরণ হবার আগেই কিভাবে খুলছে স্কুল? হাইকোর্টে এই নিয়ে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। কিন্তু স্কুল খোলা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট। আগামী ১৬ নভেম্বর থেকে পূর্ব ঘোষণা মতই রাজ্যে খুলছে স্কুল।

এই সিদ্ধান্তের ফলে মামলাকারি সরাসরি প্রভাবিত হচ্ছেন না। সেই কারণেই মামলা খারিজ করা হল। নির্দিষ্ট ভাবে কোনও শ্রেণির পড়ুয়া বা অভিভাবকরা বা শিক্ষকরা চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জানাতেই পারেন। আদালত জানিয়েছে, প্রতি দিন ১০ মিনিট করে পড়ুয়াদের করোনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা হবে। ক্লাস চালু করতে কোনও স্কুলের অসুবিধা থাকলে তারা রাজ্যের সঙ্গে যোগাযোগ করবে। স্কুল খুললেও করোনাবিধি মেনেই হবে ক্লাস।

পশ্চিমবঙ্গের আগে বেশ কয়েকটি রাজ্যের স্কুল খুলে গিয়েছে। এই রাজ্যে স্কুল খোলার দাবি তোলা হয়েছিল। ১৬ নভেম্বর থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল আপাতত নবম থেকে একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত। আবার অন্যদিকে দশম দ্বাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত।

তবে স্কুল খোলা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন সুদীপ চৌধুরী নামে এক আইনজীবী। তিনি আবেদনে বলেছিলেন কোনওরকম আগাম পরিকল্পনা ছাড়াই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই মামলার পর সকলের মনে সংশয় তৈরি হয়েছিল তাহলে কী ১৬ নভেম্বর থেকে স্কুল খুলবে না? তবে আজ কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল স্কুল খোলার মামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *