সাথী দাস, পুরুলিয়া, ১১ নভেম্বর: অভিনেত্রী শ্রাবন্তীর বিজেপি ছেড়ে নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ পুরুলিয়া জেলা আদালতে এক মামলা লড়তে এসে সংবাদ মাধ্যমের কাছে এই ইস্যুতে শ্রাবন্তীকে নর্দমার আবর্জনার সঙ্গে তুলনা করলেন তিনি। তৃণমূল সাংসদ কল্যাণ বলেন, “শহরের ম্যানহোলের যত নোংরা আটকে রাখা হয়, ম্যানহোল খুলে দিলে সব জলগঙ্গায় ভাসে। তাই সবাই এখন গঙ্গায় ভাসবে।”

অন্যদিকে, পুরুলিয়া জেলা তৃণমূলের বিজয়া সম্মেলন অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রাবন্তীর দলত্যাগ প্রসঙ্গে তৃণমূল যুব নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, “শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপি ত্যাগ করাটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তাঁর তৃণমূলে যোগদানের ক্ষেত্রে দিদি যে সিদ্ধান্ত নেবেন সেটাই মাথা পেতে নেব।”

প্রসঙ্গত, আজ সামাজিক মাধ্যমে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার পর থেকেই বিদ্রুপ আর কটাক্ষ শুরু হয় বিভিন্ন রাজনৈতিক মহলে।

