আমাদের ভারত, মালদা, ১১ নভেম্বর: সেভেন এমএম পিস্তল, চার রাউন্ড কার্তুজ ও দুটি ম্যাগাজিন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার হয় ধৃতের বাড়ি থেকে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে দেওনাপুরের ছয়ঘড়িয়ায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেই বাড়ি থেকেই পুলিশ উদ্ধার করে একটি সেভেন এমএম পিস্তল, চার রাউন্ড কার্তুজ ও দুটি ম্যাগাজিন। ধৃতের নাম তরিকুল ইসলাম (৩৫)। এই সমস্ত অস্ত্র ধৃতের বাড়িতে মজুদ করে রাখা ছিল বলে জানাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

