সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১১ নভেম্বর: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হল ছট পুজো। এই পুজো উপলক্ষ্যে নদীর ঘাটগুলিতে বহু পূণ্যার্থী স্বপরিবারে হাজির হয়। এর ফলে ব্যাপক ভিড়ের সৃষ্টি হয়।

বাকুঁড়া শহরের দুই পাশ দিয়ে বয়ে চলেছে গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদী। এই দুই নদীর পাড়ে অবস্থিত এক্তেশ্বর, পাতাকোলা, মীনাপুর, লোকপুর ও সতীঘাট আলোক সজ্জায় সেজে ওঠে। গতকাল সন্ধ্যার প্রাক মুহূর্তে অপেক্ষায় বহু ভক্ত পূজার অর্ঘ্য সাজিয়ে যেমন ভিড় করেন তেমনি আজ ভোর থেকেই নদী ঘাটে হাজির হন তারা। বহু পূণ্যার্থী নদীতে স্নান সেরে দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন। নদীর তীরে ঢাক বাজনা কাঁসর ঘন্টায় ব্যাপক উন্মাদনায় মেতে ওঠে আবাল বৃদ্ধ বনিতা। সেই সঙ্গে চলে বাজি পটকায় উল্লাস। কোথাও দেখা যায় দন্ডিকেটে মানত শোধ করতে পূণ্যার্থীদের।

নদী ঘাটে উপস্থিত উমেশ যাদব, শশী গুপ্তা জানান, গতকাল বুধবার থেকে উপোস থেকে আজ সকালে সূর্য দেবকে অর্ঘ্য নিবেদন করার পর উপোস ভঙ্গ করা হয়।
ছট পূজা উপলক্ষ্যে পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে নদীঘাট পরিষ্কার সহ সমস্ত প্রকার বন্দোবস্ত যেমন করা হয় তেমনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

