“সারা বছর মানুষের কাজ করা দলীয় সৈনিকরা পুর ভোটে প্রার্থী হবেন”, পুরুলিয়ায় আশ্বাস সায়ন্তিকার

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১১ নভেম্বর: ‘সারা বছর মানুষের কাজ করা দলীয় সৈনিকরা পুর ভোটে প্রার্থী হবেন’, পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে এসে কর্মীদের আশ্বাস দিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন তিনি বলেন, “যারা একসময় দিদিকে অসহায় অবস্থায় ফেলে পালিয়ে গিয়েছিল তাদের থেকে সতর্ক থাকতে হবে। তাঁদেরকে তাড়িয়ে দিতে হবে। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো আগামীদিনে সেই ভুল আমরা করতে পারি না। আগামী দিনে কাজের মাধ্যমে পুরুলিয়ায় তৃণমূল ফুটবে ।”

আসন্ন পুরভোটের প্রস্তুতি এদিনের সভায় লক্ষ্য করা গিয়েছে। সায়ন্তিকা ছাড়াও মন্ত্রী মলয় ঘটকের বক্তব্যে প্রবীণ ও নবীনদের একসঙ্গে চলার পরামর্শ দিতে দেখা গিয়েছে এদিন।

আক্ষেপের সঙ্গে এদিন সভাধিপতি বলেন, দলীয় কোন্দলের জন্য দলকে নির্বাচনে বার বার অস্বস্তির মুখে পড়তে হয়েছে। এটা বন্ধ করা দরকার। সবাই মিলে এক সঙ্গে লড়াই করলে সাফল্য আসবেই।

অতীতে দেখা গিয়েছে, নির্বাচনে প্রার্থী করার ক্ষেত্রে সারা বছর মানুষের হয়ে কাজ করা সৈনিকরা অগ্রাধিকার পান না। তাবেদাররা টিকিট পেয়ে যান বলে জানান এদিনের সভায় যোগ দেওয়া তৃণমূল কর্মীদের একাংশ। সায়ন্তিকার আশ্বাসে কতটা তৃণমূল কর্মীদের হতাশা ঘুঁচবে তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।

এদিন পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে আয়োজিত হয় তৃণমূলের বিজয়া সম্মেলন ও বর্ধিত সভা। সায়ন্তিকা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী সন্ধ্যারানী টুডু, জেলা সভাধিপতি সুজয় ব্যানার্জি, সহ রাজ্য সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো ও অন্যান্য নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *