আধিকারিকদের করোনায় আক্রান্তের জের, জনসাধারণের প্রবেশ বন্ধ পুরুলিয়া সদর থানায়, কাজকর্ম ফাঁড়িতে

সাথী দাস, পুরুলিয়া, ৫ জানুয়ারি: করোনার জের, বিজ্ঞপ্তি প্রকাশ করে পুরুলিয়া সদর থানায় জনসাধারণের প্রবেশ বন্ধ করল পুলিশ। কার্যত তালাবন্ধ বন্ধ হয়ে গেল পুরুলিয়া সদর থানা। পুরুলিয়া সদর থানার তিন পুলিশ আধিকারিকের করোনায় আক্রান্তের রিপোর্ট আসতেই আজ সকাল থেকেই তড়িঘড়ি তালাবন্ধ করে দেওয়া হয় সদর থানার মূল দরজা। সাময়িক সময়ের জন্য পুলিশ থানার যাবতীয় কাজকর্ম করা হচ্ছে স্থানীয় সদর ফাঁড়িতে। মেইন রোডে অবস্থিত ওই ফাঁড়িতেই টেবিল পেতে মানুষের সমস্যার সমাধান করার ব্যবস্থা করেছে পুলিশ।

সদর থানার বাইরে মূল দরজায় ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জনসাধারণের উদ্দেশ্যে ওই বিজ্ঞপ্তি সাঁটায়। তাতে লেখা রয়েছে, বিশেষ কারণ বশতঃ ডিউটি অফিসারের টেবিল সদর ফাঁড়িতে স্থানান্তরিত করা হল। কারও অভিযোগ জানানোর থাকলে পুরুলিয়া সদর ফাঁড়িতে যোগাযোগ জানাবেন।

এই বিজ্ঞপ্তি জারি হতেই, তা পুরুলিয়াবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। থানা সূত্রে জানা গিয়েছে, পদস্থ পুলিশ আধিকারিক ও কর্মীদের করোনা পজেটিভ ধরা পড়েছে। তবে তা ওমিক্রন কি না তা জানা যায়নি। এদিকে, পুরুলিয়া জেলায় কারোনার তৃতীয় ঢেউয়ের উপক্রম দেখা দিয়েছে। জেলার মধ্যে পুরুলিয়া শহরে সব থেকে বেশি জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাত পর্যন্ত ৬৬ জন, জেলায় মোট আক্রান্ত ১৯০ জন। পুরুলিয়া শহরের রাঁচি রোডে একই পরিবারের বেশ কয়েকজন আক্রান্ত হওয়ায় মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। সেখানে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কোভিড বিধি মেনে চলার জন্য আবেদন করা হয়েছে। দোকানদারদেরও বিধি মানার জন্য বলা হয়েছে। না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। পুলিশ কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করছে। আইন ভঙ্গকারীদের আটক করছে পুলিশ।

জেলা পুলিশ সুপার এস সিলভামুরগণ জানান, “আক্রান্তের সংখ্যা বাড়ছে। জনসাধারণকে অহেতুক বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হচ্ছে। মাস্ক পরে এবং কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *