স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ জানুয়ারি: কোভিড সংক্রমণের উদ্বেগজনক পরিস্থিতিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও নার্সিং হোস্টেলে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হচ্ছে। মূলত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের জন্যই এই আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে। করোনা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছে মেডিক্যাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বিশেষজ্ঞদের আশঙ্কাকে সত্যি করে করোনার তৃতীয় ঢেউয়ে প্রতিদিন বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। পজিটিভিটি রেট চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের। এমতাবস্থায় চিকিৎসক, নার্স বা স্বাস্থ্য কর্মীদের জন্য মেডিকেল চত্ত্বরেই আলাদা আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করল মেডিকেল কর্তৃপক্ষ। রায়গঞ্জ মেডিকেলের নার্সিং হোস্টেলটির দুটি ফ্লোরে করা হচ্ছে এই আইসোলেশন ওয়ার্ড। স্বাস্থ্য কর্মীরা কোভিডের ডিউটি করতে গিয়ে যদি আক্রান্ত হন তাহলে তাদের এই আইসোলেশনে রাখা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অপরদিকে নার্সিং হোস্টেলে থাকা মেডিকেল পড়ুয়াদের অন্যত্র রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে মেডিকেল সুত্রে জানা গিয়েছে।

এদিকে ক্রমেই ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। ইতিমধ্যেই রায়গঞ্জ শহরে চারটি ওয়ার্ড মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে পুরসভা ও স্বাস্থ্য দফতর। গতকালই রায়গঞ্জ মেডিকেলের একজন ল্যাব টেকনিশিয়ান সহ দু’জন স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছেন। প্রতিদিনই উল্লেখযোগ্যভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এতে সব রকমভাবে প্রস্তুতি রাখা হয়েছে বলেও মেডিকেলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কোভিডের ভয়াবহতা ও একের পর এক হাসপাতালে চিকিৎসক নার্স স্বাস্থ্য কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনার আগে থেকেই এই সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

