রাজ্য মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে ‘বিপুল অনাচার’-এর জেরে প্রতিবাদ

আমাদের ভারত, ২০ অক্টোবর: রাজ্য মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে ‘বিপুল অনাচার’-এর জেরে সামাজিক মাধ্যমে সঙ্গবদ্ধ প্রতিবাদের ডাক দেওয়া হল।

আবেদনে লেখা হয়েছে, “ডাক্তারবাবুদের প্রতি আমাদের নির্ভরশীলতা অনিবার্য। কেননা, আমরা যখন সবচাইতে অসহায়, যখন আমরা অসুস্থ, তখন আমরা ডাক্তারবাবুদের দ্বারস্থ হই। হতেই হয়।

ডাক্তারবাবুরা নিয়মনীতি মেনে চলছেন কি না, চিকিৎসা নিয়ম মেনে চলছে কি না – সেসব দেখার জন্য মেডিকেল কাউন্সিল। সেই হিসেবে স্বচ্ছ মেডিকেল কাউন্সিল আমাদের জন্যও জরুরি।

সেই মেডিকেল কাউন্সিল নির্বাচন ঘিরে যা চলছে – কখনও গুণ্ডারা এসে গোছা গোছা ব্যালট জমা করছে, গণনার সময় রাশি রাশি জাল ব্যালট ধরা পড়ছে – সেসব দেখে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

ঘোষিতভাবে ‘সরকারপন্থী’ চিকিৎসকদের তরফে এই বিপুল অনাচার রাজ্যের গণতন্ত্রের বেহাল চেহারাটাই নগ্নভাবে প্রকাশ করে দেয়।

এই পরিস্থিতিতে রাজ্যের এক দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি লজ্জাবোধ করছি। নিন্দারও যেন ভাষা হারিয়ে ফেলেছি। এই দুর্বিষহ পরিস্থিতির বদল হোক।“

বৃহস্পতিবার এই আবেদনে সই করেছেন বিশিষ্ট লেখক স্বপ্নময় চক্রবর্তী, চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা কৌশিক সেন ও দেবদূত ঘোষ-সহ প্রতিষ্ঠিত অনেকে।

প্রসঙ্গত, বিরোধী শিবিরকে পিছনে ফেলে শিক্ষক-চিকিৎসকের প্যানেলে জিতেছে শাসক শিবির। মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে মোট ১৪টি পদে ভোট হয়েছে। এর মধ্যে ‘জি’ ক্যাটেগরি, অর্থাৎ শিক্ষক-চিকিৎসকদের ক্ষেত্রে সাতটি এবং ‘এইচ’ ক্যাটেগরি, অর্থাৎ রাজ্যের সমস্ত রেজিস্টার্ড চিকিৎসকের ক্ষেত্রে সাতটি পদ। শাসকপন্থী চিকিৎসকদের পাশাপাশি আরও ছ’টি চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স’-এর তরফেও ১৪টি পদে প্রার্থী দেওয়া হয়েছিল। অন্য দিকে, মেডিক্যাল সার্ভিস সেন্টার ও সার্ভিস ডক্টর্স ফোরামের তরফেও যৌথ ভাবে প্রার্থী দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *