বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিকার সঙ্গে সহবাস, বনগাঁয় গ্রেফতার শিক্ষক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ অক্টোবর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল এক প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার হরিদাসপুর এলাকায়। ধৃত শিক্ষকের নাম অর্পণ তরফদার। ঘাটবাওড় প্রায়মারি স্কুলের শিক্ষক। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ধৃত।

পুলিশ জানিয়েছে, ধৃত শিক্ষকের নাম অর্পণ তরফদার৷ বাড়ি পেট্রাপোল থানার হরিদাসপুর এলাকায়। ধৃত শিক্ষকের সঙ্গে এলাকারই এক শিক্ষিকার প্রেমের সম্পর্ক দীর্ঘ ১২ বছরের। তাঁরা একসঙ্গে পড়াশোনা ও চাকরির জন্য পড়াশোনা করতেন। সেই সময় থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। প্রাইভেট কোচিং কিংবা বনগাঁ শহরেও তাঁদের একইসঙ্গে দেখা যেত। এলাকাবাসী তাঁদের প্রেমিক-প্রেমিকার জুটি বলেই জানতেন।

পরবর্তী কালে দু’জনেই আলাদা আলাদা স্কুলে চাকরি পান। অভিযোগকারী শিক্ষিকা অন্য জেলায় চাকরি করতে যান। সেই কারণে তাঁদের মধ্যে দেখা-সাক্ষাৎ, যোগাযোগ অনেকটাই কমতে থাকে। অভিযোগ, সেই সুযোগে সম্প্রতি শিক্ষিকা-প্রেমিকাকে এড়িয়ে চলছিলেন অভিযুক্ত শিক্ষক অর্পণ তরফদার। দিন কয়েক আগে প্রেমিকা এসে অভিযুক্তকে বিয়ের কথা বলেন। অভিযোগ, বিয়ে করতে অস্বীকার করেন অর্পণ। এরপরেই বনগাঁ থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানান শিক্ষিকা৷ বুধবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ।

বৃহস্পতিবার সকালে ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *