আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ ফেব্রুয়ারি:
প্রার্থী তালিকা পছন্দ না হওয়ায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাতভর বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের। প্রার্থী ঘোষণা হওয়ার পরেই উত্তর ২৪ পরগনার বনগাঁ ও অশোকনগরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মীরা।
শুক্রবার রাতে বনগাঁর বাটারমোড়ে যশোর রোডের ওপর টায়ার জ্বালিয়ে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। বনগাঁর তৃণমূল কংগ্রেসের একাংশের দাবি, যারা কোনোদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল না যাদের মানুষ চেনে না তাদের প্রার্থী করা হয়েছে। এদিন বনগাঁ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে সন্ধ্যা দাসকে মনোনীত করেছে। কিন্তু ওই ওয়ার্ডের বেশ কিছু তৃণমূল সমর্থকরা দাবি করছে তারা সন্ধ্যা দাস নামে কাউকে চেনে না। সন্ধ্যা দাস সম্পূর্ণ বহিরাগত প্রার্থী। সে যে তৃণমূল করেন এটাই তারা জানে না। তাদের দাবি, লকডাউন থেকে শুরু করে দুঃসময়ে তারা যাকে পাশে পেয়েছে, যিনি তাদের সুখ দুঃখের সাথী সেই পিংকি পালকে প্রার্থী হিসেবে চায়। পিংকি পালকে প্রার্থী করার দাবিতে ইতিমধ্যেই তারা বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছে। বনগাঁ পৌরসভার বর্তমান পৌর প্রশাসক গোপাল শেঠের নিকট পিংকি পালকে প্রার্থী হিসেবে মনোনীত করার দাবিতে তারা ছুটে আসেন। তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচিতে নামার হুঁশিয়ারি দিয়েছে।
১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয় কুমার দত্ত নামে এক ব্যক্তি বলেন, “গতকাল বনগাঁ পৌরসভার ২২ টি ওয়ার্ডের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেই প্রার্থী তালিকায় ১৯ নম্বর ওয়ার্ডের জন্য সন্ধ্যা দাসকে মনোনীত করা হয়েছে। কিন্তু সন্ধ্যা দাস নামে কাউকেই আমরা চিনি না সে বহিরাগত। আমরা আমাদের কাছের মানুষ আমাদের দুঃসময় যিনি পাশে ছিলেন সেই পিংকি পালকেই প্রার্থী হিসেবে চাই।”
১৯ নম্বর ওয়ার্ডের আরেকজন তৃণমূল কর্মী নরেশ সিনহা বলেন, “আমরা দীর্ঘদিন ধরেই তৃণমূল দলটা করে আসছি। আমরা সন্ধ্যা দাসকে প্রার্থী হিসেবে মানতে পারছি না আমাদের দুর্দিনের সাথী পিংকি পালকেই ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসেবে চাইছি। আমাদের পৌর প্রশাসক আমাদের আশ্বাস দিয়েছেন তিনি ১৯ নম্বর ওয়ার্ডে যাবেন এবং বিষয়টি খতিয়ে দেখবেন।”
এ বিষয়ে বনগাঁ পৌরসভার বর্তমান পৌর প্রশাসক গোপাল শেঠ অবশ্য বলছেন,”দল যাকে প্রার্থী করেছে সেই ভোটে লড়বে। দল অনেক নতুন মুখকেই এবছর প্রার্থী করেছে এবং কর্মীদেরও সেই প্রার্থীকে জেতানোর জন্য লড়াই করতে হবে।”
বিজেপি এই গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। এ বিষয়ে বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন, তৃণমূলের প্রার্থী তালিকা বের হওয়ার পর থেকেই শুধু বনগাঁয় নয়, গোটা রাজ্যেই বিক্ষোভ অবরোধ চালাচ্ছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বনগাঁর মানুষ তৃণমূলের এই আচরণ মেনে নেবে না।

