Protest, Jhargram, নাবালিকা নির্যাতন ও গ*ণ*ধ*র্ষ*ণের অভিযোগে ঝাড়গ্রামে গর্জে উঠল প্রতিবাদ! দোষীদের ফাঁসির দাবিতে পথে আদিবাসী সমাজ

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ সেপ্টেম্বর: নাবালিকা থেকে মহিলা—একাধিক নির্যাতনের অভিযোগ এবার উত্তাল ঝাড়গ্রাম। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নয়, সরাসরি ফাঁসির দাবিতে রাজপথে নামল ভারত জাকাত মাঝি পারগানা মহল।

আজ ঝাড়গ্রাম শহরে ভারত জাকাত মাঝি ও অন্যান্য সংগঠন গুলির পক্ষ থেকে আয়োজন করা হয় প্রতিবাদ পদযাত্রা, বিক্ষোভ মিছিল ও পথসভা। শিলদা- এঠেলা ও চন্দ্রী’তে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পাশাপাশি লালগড়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগের প্রতিবাদেই এই কর্মসূচি।সিধু- কানহু মূর্তির পাদদেশ থেকে জামদা সার্কাস ময়দান হয়ে পাঁচমাথা মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেন প্রতিবাদীরা। হাতে ব্যানার, প্ল্যাকার্ড আর স্লোগানে মুখর হয়ে ওঠে ঝাড়গ্রাম শহর।

প্রতিবাদকারীদের স্পষ্ট দাবি, নারী ও নাবালিকার উপর এমন নৃশংসতার সঙ্গে যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং দোষ প্রমাণিত হলে ফাঁসির মতো সর্বোচ্চ শাস্তি দিতে হবে। বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় নেমে প্রতিবাদকারীদের বার্তা, “নারীর নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, নির্যাতনকারীদের রেয়াত নয় দোষীদের ফাঁসি চাই।” পরপর এমন অভিযোগকে ঘিরে যখন ঝাড়গ্রাম জেলায় ক্ষোভ বাড়ছে, তখন আজকের এই প্রতিবাদ কর্মসূচি থেকেই প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ এবং দ্রুত বিচারের দাবি আরও জোরালো হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *