পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সপ্তম আন্তঃ মহাবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর দীপক কুমার কর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার ড: অশোক কুমার, ডিন অফ আর্টস অ্যান্ড কমার্স ড: অরিন্দম গুপ্তা এবং ড: কেশব চন্দ্র মন্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য মহাশয়ের বক্তব্যে উঠে আসে ফুটবলের প্রতি তাঁর গভীর আগ্রহ ও অনুপ্রেরণার কথা। তিনি বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, দলগত ঐক্য, নেতৃত্ব, অধ্যবসায় এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেয়। মাঠে জয়- পরাজয়ের পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্মান, সহযোগিতা ও ক্রীড়াসুলভ মানসিকতা গড়ে তোলাই খেলাধূলার অন্যতম বড় সাফল্য।”

বিশেষভাবে মহিলা ফুটবল প্রতিযোগিতা-র গুরুত্বও অনুষ্ঠানে উঠে আসে। আজকের দিনে মহিলাদের ফুটবল শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি নারীর আত্মবিশ্বাস, সক্ষমতা ও সমান সুযোগের এক শক্তিশালী প্রকাশ। মাঠে মেয়েদের অংশগ্রহণ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে এবং ক্রীড়াক্ষেত্রে নারীর আরও এগিয়ে যাওয়ার পথ তৈরি করছে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই আন্তঃমহাবিদ্যালয় ক্রীড়া আয়োজন ছাত্র- ছাত্রীদের প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতা, বন্ধুত্ব ও ঐক্যের এক সুন্দর মঞ্চ হয়ে উঠুক— এই প্রত্যাশা রইল।

