Husband, Garhbeta, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর ১৭ বছর বয়সী বধূর সন্তান প্রসবের পরেই গ্রেপ্তার তার স্বামী

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকায় ১৭ বছর বয়সী এক নাবালিকার সন্তান প্রসবের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২১ বছর বয়সী তার স্বামীকে। বাল্য বিবাহ রুখতে গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন যে, কোনো নাবালিকা বধূর কম বয়সে সন্তান প্রসব হলে গ্রেফতার করা হবে তার স্বামী ও পরিবারের সদস্যদের। আর তারপর গতকালই এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে গড়বেতা থানা এলাকার এক বাসিন্দাকে। বুধবার রাতে প্রসব যন্ত্রণায় ওই নাবালিকাকে গড়বেতায় একটি নার্সিংহোমে ভর্তি করা হলে এক সন্তানের জন্ম হয়।

পুলিশ সূত্রে খবর, নাবালিকার সন্তান প্রসবের বিষয়টি চিকিৎসক পুলিশকে জানান। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গড়বেতা থানার পুলিশ। এরপর সন্ধিপুর এলাকা থেকে নাবালিকার স্বামী ২১ বছর বয়সী রাহুল মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে রাহুল মণ্ডলের সঙ্গে ওই নাবালিকার বিয়ে হয়েছিল বলে দাবি। এরপরই নাবালিকা অন্তঃসত্ত্বা হন।

ঘটনার সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *