বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রামনগরে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ নভেম্বর: এলাকার বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে এলাকাবাসীর পথ অবরোধ করে বিক্ষোভ রামনগরে। বারবার আবেদন নিবেদন করেও কোনো ফল হয়নি, তাই অবরোধের সিদ্ধান্ত নেয় এলাকার মানুষ। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা।

গত ২২ বছর ধরে রাস্তা সংস্কার হয়নি। খুবই বেহাল দশা। একটু বৃষ্টিতে রাস্তা দিয়ে যান চলাচল থেকে মানুষজন চলাচল করতে পারে না। দীর্ঘদিন রাস্তা সংস্কার না হওয়ায় সোমবার দেউলিহাট এলাকায় রামনগরের ঠিকরা থেকে মীরগোদা রাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ। বিভিন্ন জায়গায় বারবার আবেদন নিবেদন করেও রাস্তার হাল ফেরেনি। তাই অবশেষে এই পথ অবরোধের সিদ্ধান্ত নেয় এলাকাবাসীরা।

পথ অবরোধ ও বিক্ষোভের কারণে যানযট সৃষ্টি হয়। দীর্ঘ প্রায় দু’ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। পরে পুলিশ এসে এলাকার মানুষকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। অবশ্য আগামী দিনে যদি রাস্তা সংস্কারের কাজ না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *