আমাদের ভারত, ৭ নভেম্বর: পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হলে বর্তমানের বঙ্গ বিজেপি কিছুতেই তা চুপ করে বসে দেখবে না। পুরসভা নির্বাচনের সময়কার বিজেপির সঙ্গে বর্তমান বিজেপির অনেকটাই পার্থক্য আছে। কোচবিহারে কিছুদিন আগেই সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। শিলিগুড়িতে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করে এমনটাই মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বালুরঘাটের সংসদ বলেছেন, দুধ দিলে ক্ষীর পাবে। কিন্তু অন্য কিছু দিতে এলে উপযুক্ত পরিণাম পাবে। সুকান্তর এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে রাজ্যের শাসক দল। কোচবিহার দাওয়াই কি তা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর পাল্টা, তৃণমূলের কোনো কর্মীকে দাওয়াই দেওয়ার চেষ্টা হলে শরীরে বিচুটি পাতা দেওয়া হবে।
রবিবার শিলিগুড়ির সেবক রোডে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন সুকান্ত। সেখানে পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুরোসভা নির্বাচনের সময়কার বিজেপি এখন আর নেই। কিছুদিন আগে কোচবিহারে বুঝিয়ে দিয়েছি। দুধ দিলে ক্ষীর পাবে কিন্তু অন্য কিছু দিতে এলে উপযুক্ত পরিণাম পাবে। এই মন্তব্যের পাল্টা দিয়ে উদয়ন গুহ বলেছেন, কোচবিহারে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে কি বোঝাতে চেয়েছেন বিজেপি রাজ্য সভাপতি? তার কথায় শীতলকুচিতে গুলি চালানো হয়েছিল। আমার হাত ভেঙ্গে দেওয়া হয়েছিল সেটাই কি কোচবিহার দাওয়াই? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, তৃণমূলের কোনো কর্মীকে দাওয়াই দেওয়ার চেষ্টা হলে দেহে এমন বিছুটি পাতা দেওয়া হবে, যাতে বাইরে কাউকে দেখাতে পারবেন না।
প্রসঙ্গত, কয়েকদিন আগে দিনহাটায় আহত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা হয়। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলে বিজেপি। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন তারা। বিজেপির রাজ্য সভাপতি এই পাল্টা জবাব দানকারী দলীয় কর্মীদের কথাই বলতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।

