TMC, Sanekpur, আবাসের কাটমানির টাকা ফেরতের দাবিতে উপপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা সনেকপুরে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ জুন: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগে তৃণমূল পরিচালিত বিরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিব্যেন্দু বিশ্বাসের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন এলাকার বহু মহিলা ও বাসিন্দা। সোমবার দুপুরে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার সনেকপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনার ঘর অনুমোদন করে দেওয়ার নামে বহু উপভোক্তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, প্রায় ১৯৩ জনের কাছ থেকে কাটমানি আদায় করা হয়েছে। শুধু তাই নয়, উপপ্রধানের বিরুদ্ধে তোলাবাজি, মাটি বিক্রি সংক্রান্ত অনিয়মসহ একাধিক অভিযোগও তুলেছেন গ্রামবাসীরা। এদিন সকাল থেকেই উপপ্রধানের বাড়ির সামনে জড়ো হতে থাকেন ক্ষুব্ধ মহিলারা। তাঁদের দাবি, আবাসের ঘরের জন্য যে টাকা নেওয়া হয়েছে, তা অবিলম্বে ফেরত দিতে হবে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পরেও উপপ্রধান দিব্যেন্দু বিশ্বাসের দেখা না মেলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিক্ষোভকারীদের অভিযোগ, উপপ্রধান ঘটনাস্থলে না এলেও তার এক ঘনিষ্ঠ সহযোগী সেখানে এসে বিক্ষোভকারীদের হুমকি দিতে শুরু করেন। সেই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায়। ক্ষুব্ধ জনতা ওই ব্যক্তিকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং পরে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এলাকায় যাতে নতুন করে অশান্তি না ছড়ায়, তার জন্য পুলিশ নজরদারি বাড়িয়েছে।

অন্যদিকে, উপপ্রধান দিব্যেন্দু বিশ্বাসের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে অভিযোগকারীরা কাটমানির টাকা ফেরত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

বিরোধীদের দাবি, আবাস যোজনার সুবিধাভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *